দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিকরদের কাছে পাত্তাই পায়নি ভারত। হেরেছে ইনিংস ব্যবধানে। দুই দলের বোলাররাই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে। আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে দুই দল যা অনুষ্ঠিত হবে কেপটাউনে।
সিরিজ হার ঠেকাতে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। তবে প্রোটিয়া সাবেক কিংবদন্তি পেসার এবং বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতে সফরকারীদের জন্য কাজটি সহজ হবে না। তার মতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে বিদেশি ব্যাটাররা উইকেটের সুবিধা নিতে পারে না।
সম্প্রতি স্পোর্টসকিডাকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রথম টেস্টে ভারতীয় ব্যাটারদের এমন অসহায় আত্মসমর্পণ নিয়ে এই সাবেক প্রোটিয়া পেসার বলেন, ‘আমি জানি (প্রথম টেস্টে) সাউথ আফ্রিকার কন্ডিশনকে অনেক ভালোভাবে কাজে লাগিয়েছে। এই বিষয়ে আলাদা করে কোনো প্রশ্ন থাকতেই পারে না। সাউথ আফ্রিকার বোলাররা পিচে ৫ থেকে ৫.৫ মিটার লেন্থে বল করেছে। যার সুবিধা তারা পেয়েছে। তারা বলকে পিচ থেকে কাজ করার সুযোগ দিয়েছে। এই কাজটাই ভারতীয় বোলাররা ঠিকভাবে করতে পারেনি।’
এসময় সফরকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘এটা লড়াই করার সহজ জায়গা নয়। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের উইকেটের চেয়েও দক্ষিণ আফ্রিকার উইকেটে টিকে থাকা বেশ কঠিন। আপনার ফুটওয়ার্ক ১০০ শতাংশ ঠিক না থাকে তাহলে আপনি এখনে সমস্যায় পড়বেন।’