যেকোনো উদযাপনে আমরা কেক কেটে থাকি। সেই কেকটা যদি নিজেই মনের মতো বেক করা যায় তাহলে আনন্দ বেড়ে যায় শতগুণে। তাই নতুন বছর উদযাপনে রইলো তাসফিয়া হক রুপন্তীর মজাদার সব কেকের রেসিপি।
মিক্সড বেরিস পারফাইট
উপকরণ
ব্লুবেরি ৭০ গ্রাম ,স্ট্রবেরি ৭০ গ্রাম ,মালবেরিজ ৫০ গ্রাম , ক্রিমচিজ ৫০ গ্রাম, হাংকার্ড ৩০ গ্রাম ,হুইপক্রিম ১৫০ মিলি, আইসিং সুগার ১০০ গ্রাম , লেমন জেষ্ট ১চা চামচ, কু্কিক্রাম্ব ৫০ গ্রাম
প্রণালী
কুকিক্রাম্বগুলো সার্ভিং গ্লাসে সেট করে নিন। ক্রিমচিজ, হাংকার্ড, হুইপক্রিম, আইসিং সুগার একসঙ্গে একটি পাত্রে নিয়ে ভালভাবে বিট করে মিশিয়ে নিন। পরিমাণমত ব্লুবেরি, স্ট্রবেরি, মালবেরি একসঙ্গে ক্রাশার দিয়ে মিক্স করে নিন। এরপর দুটি মিশ্রণকে একসঙ্গে স্প্যাচুলার সাহায্যে ভালভাবে একটি পাত্রে মিশিয়ে নিন। সবশেষে এরসঙ্গে লেমন জেস্ট মিশিয়ে নিন। এখন একটি পাইপিং ব্যাগের সাহায্যে সার্ভিং গ্লাসে মিশ্রণ পাইপ করে নিন এবং ওপরে কিছু বেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
রেড ভেলভেট চকলেট চিপস কুকিজ
উপকরণ
বাটার ১০০ গ্রাম, আইসিং সুগার ৫০গ্রাম, ডিম ২০ গ্রাম, বাটারমিল্ক ১০গ্রাম, ময়দা ২০০গ্রাম, বেকিং সোডা ১/২ চা চামচ, রেড ফুড কালার ৩ ফোটা, চকলেট চিপস ২/৩ টেবিল চামচ।
প্রণালী
বাটার, আইসিং সুগার বিট করতে হবে ফ্লাফি হওয়া পর্যন্ত। এবার ডিম, বাটার মিল্কটা যোগ করে অল্প বিট করে নিন। ফুড কালার মিশিয়ে দিন। এবার ময়দা ও বেকিং সোডা চেলে মিশিয়ে দিন। সবশেষে চকলেট চিপস দিয়ে আলতোভাবে মিশিয়ে দিন। চিলারে ৩০ মিনিটের জন্য ঠান্ডা হতে দিন। ওভেন ১২০ ডিগ্রি সেলসিয়াসে ২০ মিনিটের জন্য প্রিহিট করে নিন। এবার কুকি ডো থেকে অল্প অল্প ডো নিয়ে গোল বল করে বেকিং ট্রেতে রাখুন । ওভেনে ১২- ১৫ মিনিটের জন্য বেক করে নিয়ে বের করে ঠান্ডা করে নিন। ক্রিমচিজ ফ্রস্টিং দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ওরিও কুকিজ ব্রাউনি
উপকরণ
বাটার ১৫০গ্রাম, ডার্ক চকলেট ২০০গ্রাম, কোকো পাউডার ৫০ গ্রাম, ময়দা ১০০ গ্রাম, ব্রাউন সুগার ৮০গ্রাম, কফি ১ চা চামচ, ডিম ৩টি, ওরিও কুকি ১ প্যাকেট।
প্রণালী
বাটার ও চকলেট মেল্ট করে নিন। এতে ১টা ১টা করে ডিম মিক্স করুন, চিনি দিয়ে আবার মিক্স করুন। এবার ময়দা, কোকো পাউডার, কফি চেলে মিক্স করে ব্রাউনি ব্যাটার রেডি করুন। ওরিও ক্রাশ করে ব্যাটারে মিক্স করে নিন। ৭"/ ৭" কেক প্যানে ঢেলে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ২৫-৩০ মিনিট বেক করুন। বেক হয়ে গেলে রুম টেম্পারেচারে এনে ২"/২" সাইজে কেটে পরিবেশন করে নিন।
চকলেট লাভা কেক
উপকরণ
ময়দা ২০ গ্রাম, কোকো পাউডার ১০ গ্রাম, বাটার ২০ গ্রাম, কফি ১ চা চামচ, চিনি ১৫ গ্রাম, ডার্ক চকলেট ৪০গ্রাম, বেকিং সোডা ১ চিমটি, লিকুইড দুধ ১০ মিলি।
প্রণালী
ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা, চিনি, কফি একসঙ্গে মিশিয়ে রাখুন। ২০ গ্রাম মেল্টেড ডার্ক চকলেট, দুধ শুকনো উপকরনের সঙ্গে মিশিয়ে ব্যাটার রেডি করে কাপকেক মোল্ডে ঢেলে মাঝখানে বাকি চকলেট দিয়ে প্রিহিটেড ওভেনে ১০ মিনিট বেক করে নিন। বের করে একটু ঠান্ডা হলে ডিমোল্ড করে নিন। ওপরে আইসিং সুগার দিয়ে পরিবেশন করে নিন।