ময়মনসিংহ-৪ সদর আসনে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দলীয় নেতাকর্মীদের প্রচার প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আসনটিতে দীর্ঘ ১৫ বছর পর কাঙ্খিত প্রতীক নৌকা ও প্রত্যাশিত প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। কেবল তা–ই নয়, আওয়ামী লীগের একজন নেতা স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন। এ ছাড়া বিএনপির একজন সাবেক সংসদ সদস্যও এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। রয়েছেন জাপার মনোনীত প্রার্থীও। ফলে এবারের নির্বাচন বেশ জমজমাট হবে বলে ধারণা করছেন রাজনৈতিক নেতা-কর্মী ও ভোটাররা।
আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় বার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও দুইবার ময়মনসিংহ সদর আসনটি মহাজোট প্রার্থী রওশন এরশাদকে ছেড়ে দিয়েছিল। এবার জাতীয় পার্টি প্রার্থী না দেয়ায় সদর আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। দলীয় প্রতীক, পিতার ব্যাপক জনপ্রিয়তা ও সাংগঠনিক কার্যক্রমের কারণে তিনি আশাবাদী। এছাড়াও বিএনপির সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় জমে উঠেছে মাঠ।
জানা গেছে, আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্তর পক্ষে মাঠে নেমেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী। মাঠ চষে বেড়াচ্ছেন জেলা ও মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগ, জেলা ও মহানগর শ্রমিকলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ, সদর উপজেলা আওয়ামী, যুবলীগ, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা।
সূত্রমতে, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমসহ সিনিয়র নেতারা নৌকার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন জনসভায় বক্তব্য দেন। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র ইকরামুল হক টিটুর নেতৃত্বে ছাত্রলীগ, যুবমহিলা লীগ, মহানগর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু সংখ্যক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ব্যবসায়ী আমিনুল হক শামীমের পক্ষে প্রচারে নেমেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনটিতে ১১ ইউনিয়ন, সিটি করপোরেশন ৩৩ ওয়ার্ডে মোট ভোটার ৬ লাখ ৫০ হাজার ২৮৪। ওয়ার্ডের তুলনায় ১১ ইউনিয়নে ভোটার বেশি হওয়ার সুবিধাজনক অবস্থায় আছেন নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত। তিনি ধর্মমন্ত্রীর জনপ্রিয়তার একটা আলাদা সুযোগতো পাবেনই।
এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা ময়মনসিংহে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার থেকে ময়মনসিংহ-৪ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোহিত উর রহমান শান্তর নাটকঘর লেনের প্রধান নির্বাচনী ক্যাম্প এলাকা থেকে প্রচারণা শুরু করেছেন নেতারা। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের সভা করা হয়। সেই সভায় আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও ন্যাপের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ওই সভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের পক্ষে মাঠে সক্রিয় ভাবে নামার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত সদর আসনেই আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামতে সভাটির আয়োজন করা হয়।
১৪ দলের অন্যতম নেতা জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু বলেন, ১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠকে সদরসহ যে সব আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রয়েছে সেখানে সক্রিয়ভাবে মাঠে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।