উদ্বোধনের পর তিন বছর পেরিয়ে গেলেও জনবল ও পরিচালনা বরাদ্দের অভাবে ময়মনসিংহের প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রবীণ আশ্রয়কেন্দ্র ‘শান্তি নিবাস’ এখনো চালু হয়নি। ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে সরকারি শিশু পরিবার (বালক) চত্বরে নির্মিত ২৫ শয্যার এই তিনতলা ভবন তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় ধুলা জমে, বৃষ্টির পানি ঢুকে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় আসবাবপত্র ও সরঞ্জাম নষ্ট হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস স্থাপন’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মিত হয়। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত ৭৩ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকার ওই প্রকল্পের মধ্যে ময়মনসিংহের শান্তি নিবাস নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা। কোহিনূর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২২ সালের ২০ সেপ্টেম্বর নির্মাণকাজ শুরু করে এবং কাজ শেষে ২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন সরকারপ্রধান ভবনটির উদ্বোধন করেন।
৬০ বছরের বেশি বয়সী পরিত্যক্ত, অসহায়, দরিদ্র ও অবহেলিত প্রবীণদের বিনা খরচে বা নির্ধারিত সরকারি ব্যবস্থাপনায় থাকা-খাওয়া, চিকিৎসা, হালকা ব্যায়াম ও পরিচর্যার সুবিধা দেওয়ার কথা ছিল এখানে। বিছানা, আলমারি, চিকিৎসাসামগ্রী, শরীরচর্চার কক্ষ, হুইলচেয়ার ও লিফটের মতো নানা সুযোগ-সুবিধা রাখা হলেও উদ্বোধনের পর থেকে প্রতিষ্ঠানটি কার্যত অচল রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, তালাবদ্ধ তিনতলা ভবনের কক্ষগুলোতে সারি সারি বিছানা, আসবাবপত্র ও বাক্সবন্দী চিকিৎসাসামগ্রী পড়ে আছে। এসব সরঞ্জামে ধুলা জমার পাশাপাশি কোনো কোনো স্থানে বৃষ্টির পানি ঢুকে নষ্ট হচ্ছে। পাশাপাশি অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সরকারি শিশু পরিবারের কারিগরি প্রশিক্ষক মো. মোসলেম মিয়া জানান, প্রবীণদের জন্য ভবনটিতে দামি আসবাবপত্র, লিফট, চিকিৎসা সরঞ্জাম ও শরীরচর্চার ব্যবস্থা রাখা হলেও অব্যবহৃত পড়ে থাকায় বিছানাপত্র, মশারি ও কাপড়চোপড়সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হচ্ছে। দ্রুত চালু করা না হলে এসব সরঞ্জামের বড় অংশই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
দীর্ঘদিন ভবনটি অচল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগরের সম্পাদক আলী ইউসুফ বলেন, ‘প্রবীণদের জন্য এত বড় আয়োজন চালু না হওয়ায় একদিকে অসহায় মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারি অর্থ ও সম্পদ। দ্রুত শান্তি নিবাস চালুর পাশাপাশি দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা প্রয়োজন। আমাদের চাওয়া, কোনো বৃদ্ধ মানুষ যেন শেষ বয়সে রাস্তায় পড়ে অবহেলা-অনাদরে মারা না যান।’
ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি প্রবীণ আইনজীবী এএইচএম খালেকুজ্জামান বলেন, সরকারি অর্থে ভবনের দরজা খুলে দিলেই প্রকল্পের কাজ শেষ হয় না; নির্ধারিত মানুষ সেবা পেলেই এর সার্থকতা আসে। দ্রুত তালা খোলার পাশাপাশি পরিকল্পিত সেবাব্যবস্থা চালু এবং ক্ষতিগ্রস্ত সরকারি সম্পদ রক্ষাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
এ ধরনের প্রকল্পে শুধু ভবন নির্মাণকে সাফল্যের মাপকাঠি না ধরে শুরু থেকেই জনবল, পরিচালন ব্যয়, রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ-পানি বিল ও চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সচেতন নাগরিক নেতারা। তাঁদের মতে, দ্রুত জনবল নিয়োগ ও পরিচালনা বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি বৃষ্টির পানি প্রবেশ রোধ, পানি নিষ্কাশন, বিদ্যুৎ সংযোগ, লিফট ও অগ্নিনিরাপত্তার ত্রুটি সারানো এবং ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও চিকিৎসাসামগ্রী মেরামত বা প্রতিস্থাপনের উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. রাজু আহমেদ জানান, অবকাঠামো নির্মাণের কাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও পরিচালনা বরাদ্দ না থাকায় প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হয়নি। বর্তমানে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কেন্দ্রটি পরিদর্শন করে দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন এবং প্রতিষ্ঠান চালু হলে নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে অব্যবহৃত সরঞ্জাম নষ্ট হওয়ার সমস্যা কাটিয়ে ওঠা যাবে।
