গাইবান্ধা সদর থানার পুলিশ ক্লাব থেকে জাভেদ হোসেন (৪৫) নামে এক যুবকের লাশ গত শনিবার বিকালে উদ্ধার করেছে পুলিশ। কিন্তু বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানতে পারে রবিবার দুপুরে ময়না তদন্ত শেষে জাভেদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করার সময়।
নিহত জাভেদ হোসেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার দিয়ারারচর ফকিরেরপাড়া গ্রামের মৃত আহসান উল্যার ছেলে। সদর থানায় কর্মরত ওসি (তদন্ত) মুজিবর রহমানের ভাগিনা।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মুজিবর রহমান জানান, জাভেদ হোসেন গাইবান্ধা সদর উপজেলার ভগবানপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থেকে গাইবান্ধা শহরে সিএনজিচালিত অটোরিক্সা চালাতো। মাঝে মাঝে তিনি গাইবান্ধা সদর থানার পুলিশ ক্লাবেও রাত যাপন করতেন। এর ধারাবাহিকতায় জাভেদ গত শুক্রবার রাতে সদর থানার পুলিশ ক্লাবের ওই কক্ষে শুয়ে পড়েন।
গাইবান্ধা সদর থানার (ওসি) খান মোঃ শাহরিয়ার বলেন, শনিবার দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় জাভেদকে ডাকাডাকি করেও তার কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার উপস্থিতিতে ওই কক্ষের দরোজা ভেঙে ভিতরে ঢুকে জাভেদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
ইত্তেফাক/নূহু