দ্য টেলিগ্রাফের প্রতিবেদন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ 

চলতি বছরের ৪ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে অংশ নেওয়া ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। তাতে করে প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে থাকছে আয়ারল্যান্ড, কানাডা এবং সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে খেলতে হবে অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। ‘সি’ গ্রুপে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা এবং পাপুয়া নিউগিনি।

আর ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। অনেকটা গ্রুপ অব ডেথের মতোই। টেলিগ্রাফ জানিয়েছে, ইতিমধ্যে দলগুলো জেনে গেছে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ কারা। দ্রুতই আইসিসি এটি প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। 

প্রথম রাউন্ডের গ্রুপ:

গ্রুপ ‘এ’- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান

গ্রুপ ‘সি’- নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি

গ্রুপ ‘ডি’- বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল।