সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছেন ইন্টারনেটে মুক্ত জ্ঞানভাণ্ডার উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গার। চলতি সপ্তাহে ৪৮ ঘণ্টা সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও নিজের তথ্যের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণক্ষমতা ফিরিয়ে দিতে কোম্পানিগুলোকে চাপ প্রয়োগের কৌশল হিসেবে এ ধর্মঘটের ডাক দিয়েছেন তিনি।

ল্যারি স্যাঙ্গার একটি ব্লগে ডিজিটাল স্বাধীনতা বিষয়ে এক ঘোষণাপত্র প্রকাশ করেছেন। সেটি টুইটার ও রেডিটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি ফেসবুকেও এটি ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। যদিও স্যাঙ্গার ফেসবুক ব্যবহার করেন না। এ ঘোষণাপত্রের পক্ষে অনলাইনে গণস্বাক্ষর সংগ্রহ চলছে।

ঘোষণাপত্রে স্যাঙ্গার বলেছেন, এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি মানুষ কতটা বিরক্ত ও ক্ষুব্ধ, তা প্রকাশ করতেই এই প্রতীকী ধর্মঘট। যত বেশি মানুষ এ কর্মসূচিতে একাত্ম হবে, কোম্পানিগুলোর কাছে তত শক্ত বার্তা দেয়া যাবে।

যারা এসব প্লাটফর্মের ওপর বিরক্ত, তারা এরই মধ্যে বিকল্প খুঁজে নিয়েছেন অথবা খুঁজতে শুরু করেছেন।

                       সূত্র :বিবিসি