সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন গ্রামপাঙ্গাসী থেকে হাটপাঙ্গাসী আঞ্চলিক সড়ক দীর্ঘ চার বছরে সংস্কার না করায় যাতায়াতে দুর্ভোগের শেষ নেই। সড়কটি ছোট বড় খানাখন্দে ভরা। বৃষ্টি হলে কোথাও কোথাও পানি জমে ডোবার মতো হয়ে থাকে। এপাশ ওপাশ করে হেলেদুলে কোনোরকম চলাচল করে ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যান। এই শোচনীয় অবস্থা গ্রামপাঙ্গাসী বাজার থেকে হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় পর্যন্ত—প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে পিচ, খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। হাটপাঙ্গাসীর এক ব্যবসায়ী বললেন, রাস্তার এই দুরবস্থার কারণে ভ্যানগাড়ি কিংবা অটোরিকশায় মালামাল নিতে খুবই কষ্ট হয়। এদিকে গ্রামপাঙ্গাসী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ছাব্বির আহমেদ জানান, আমাদের এই এলাকার অনেক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। রাস্তাটি ভাঙা হওয়ায় অটোরিকশা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এ অবস্থায়, এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘবে সড়কটি অবিলম্বে সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী, চানপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ