সঞ্চয়পত্র ক্রয়ে পদে পদে বিড়ম্বনা

এবারের বাজেট ঘোষণার পর সারা দেশে ব্যাংক ও ডাকঘরে সঞ্চয়পত্র ক্রয়ে শুধু জটিলতা নয়, বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। এখন থেকে সঞ্চয়পত্রের মুনাফার টাকা ওঠাতে ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ হারে উেস কর কেটে রাখার সিদ্ধান্ত গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য দুঃখজনক। এখন থেকে কোনো গ্রাহকই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট, টিন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র ছাড়া সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। এটা শুধু জটিলতা নয়, নতুন বিড়ম্বনা। মুনাফার ওপর কর বাড়ার কারণে সীমিত ও মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকের সংখ্যা অনেক কমেছে। সঞ্চয়পত্র ক্রয়ে এখন আর আগের নিয়ম নেই। নতুন নিয়মে সঞ্চয়পত্র ক্রয় এবং মুনাফা এনআইডি ও টিন নম্বরের মাধ্যমে ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসবে। গ্রাহকরা এ নিয়ে আতঙ্কিত। অনেক সঞ্চয়পত্র গ্রাহকের করযোগ্য আয় না থাকলেও তাঁর কাছ থেকে এভাবে উেস কর ও আয়কর কেটে নিলে কী আর থাকে। সঞ্চয়পত্র মূলত সীমিত আয়ের মানুষের উত্স। দুঃসময়ের সঞ্চয় হিসেবে সঞ্চয়পত্র কিনে থাকে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার। সন্তানদের লেখাপড়া, বিয়ে, চিকিত্সার জন্য অনেকের সঞ্চয়পত্রের মুনাফাই ভরসা। পরিশেষে, জনস্বার্থে সঞ্চয়পত্রের বাড়তি উেস কর এবং ক্রয়ের বিড়ম্বনা দূর করতে সরকারের কাছে বিনীত অনুরোধ করছি।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪