অঘটন দিয়েই যেন শুরু হলো এবারের উইম্বলডন। আর তাই টেনিসামোদী দেখলেন মাত্র ১৫ বছর বয়সী অখ্যাত কোরি গউফের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ভেনাস উইলিয়ামস। নারী বিভাগে শুধু ভেনাসই নন হেরেছেন নাওমি ওসাকাও।
এছাড়াও পুরুষ বিভাগে হেরে গেছেন সিটসিপাস ও আলেকজান্ডার জভেরেভ। তবে সুপারস্টারদের মধ্যে উদ্বোধনী দিনে জয় পেয়ে পরের রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ।
তবে সব কিছুকে ছাড়িয়ে গেছে কোরির জয়। উইম্বলডনের এককে তিনিই হলেন বাছাই থেকে আসা সবচেয়ে কমবয়সী খেলোয়াড়। এই আমেরিকান কিশোরীটিই গত সোমবার রাতে তার ‘আইডল’ পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাসকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দেন।
বিশ্বের ৩১৩তম খেলোয়াড় গউফ জয়ের পর তো কেঁদেই ফেলেন এবং বলেন, ‘আমি সত্যি বুঝতে পারছি না আমার অনুভূতি কি হওয়া উচিত। এটা অবশ্যই জয়ের পর প্রথমবারের মতো আমি কাঁদলাম।’
গউফ আগেই জানিয়েছিলেন ভেনাস ও তার বোন সেরেনার সাফল্য দেখেই তিনি টেনিসে উদ্বুদ্ধ হয়েছিলেন। এদিন উইম্বলডনে তার খেলা দেখতে হাজির ছিলেন পরিবারের সদস্যরা। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমনকি জানিও না আমার পিতামাতা কি বলবেন। আমি খুবই আনন্দিত এবং আশীর্বাদপুষ্ট যে আমরা যেন সফল হই সেজন্য তারা আমাকে ও আমার ভাইকে নিয়ে তাদের সকল সময় ব্যয় করেছেন।’
গত বছর ফরাসি ওপেনের জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হওয়া গউফ ভেনাসকে নিয়েও কথা বলেন। তিনি জানান, উইলিয়ামস তাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন এগিয়ে যেতে।
ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ওসাকা হলেন ২০০১ সালে মার্টিনা হিঙ্গিসের পর প্রথম রাউন্ড থেকে বাদ পড়া শীর্ষ দুই বাছাইয়ের একজন। তিনি এর আগে ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিলেন। সব মিলিয়ে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর তিনি আর কোনো ফাইনালে উঠতে পারলেন না। এবার তাকে হারান ইউলিয়া পুটিন্টসেভা।