কামিন্সের সতর্কবার্তা

আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দলটির ফাস্ট বোলার প্যাট কামিন্স বলেছেন, সেমিতে উন্নীত হলেও দলগতভাবে এখনও পূর্ণাঙ্গ পারফরম্যান্সটা দেখাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সম্পর্কে বিশ্বকাপের বাকি দলগুলোকে সতর্ক করে দিয়েছেন কামিন্স।

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৬ জুলাই (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নির্ভার অস্ট্রেলিয়া। সেমির দৌড় থেকে ছিটকে পড়া প্রোটিয়াদের জন্য ম্যাচটি নিছকই টুর্নামেন্ট শেষের আনুষ্ঠানিকতা। ম্যানচেস্টারে ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এক সপ্তাহের বিশ্রাম শেষে মাঠে নামবে অজিরা। কামিন্স গণমাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্লিক করেছে। আমাদের গেম প্ল্যান ঐভাবেই এগিয়েছে, যেভাবে আমরা খেলতে চেয়েছি। সবাই নিজেদের দায়িত্ব এবং পরস্পরের ভূমিকায় স্বস্তিদায়ক অবস্থানে আছে। আমার মনে হয় এখানে সময় লাগে এবং সবাই ভালো অবস্থানে আছে।’

বিশ্বকাপের বাকি দলগুলোকে সতর্ক করে কামিন্স বলেছেন, তাদের দলটা এখনও নিজেদের পূর্ণাঙ্গ পারফরম্যান্স দেখাতে পারেনি। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে বলেছি, নিজেদের পূর্ণাঙ্গ পারফরম্যান্স ছাড়াই আমরা ম্যাচগুলো জিততে পেরেছি। প্রতিটি ম্যাচেই আমরা ক্রমান্বয়ে উন্নতি করেছি।’

স্টার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য পাচ্ছেন। স্টার্কের পাশাপাশি কামিন্স, বেহরেনডর্ফরাও বল হাতে জ্বলে উঠছেন। গত দুই ম্যাচে এক উইকেট পাওয়া কামিন্স নিয়ন্ত্রিত লাইন-লেন্থ দিয়ে চাপে ফেলছেন। বেহরেনডর্ফ নতুন বলে ভালো করায় পরিবর্তিত বোলারের দায়িত্বেও সফল হচ্ছেন কামিন্স।