কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাঁচগাথিয়া গ্রামের মান্নানকে হত্যার দায়ে তার চাচা আলীমুদ্দিন ও চাচি নূরজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। মামলার বিবরণে প্রকাশ, ২০০৪ সালের ৮ আগস্ট দুপুরে মান্নান ও তার ছোট ভাই হাইদুল কুড়াল নিয়ে বাড়ির সীমানা সংলগ্ন একটি চাউ গাছ কাটতে গেলে চাচা আলীমুদ্দিন ও চাচি নূরজাহান উভয়কে বাধা দেয়। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আলীমুদ্দিন একটি বল্লম দিয়ে মান্নানের পেটে বিদ্ধ করলে তার নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায় এবং নূরজাহান দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের মা নূরজাহান বাদী হয়ে আলীমুদ্দিন ও নূরজাহানের বিরুদ্ধে কটিয়াদী থানায় একটি মামলা করেন।