বাংলাদেশ নেভাল একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত

চট্টগ্রামস্থ বাংলাদেশ নেভাল একাডেমিতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৯/এ ব্যাচের নবীন কর্মকর্তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৯/এ ব্যাচের ১৩ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার স্বল্প মেয়াদি প্রশিক্ষণ শেষে র্যাংক ব্যাজ পরিধান করেন। মনোজ্ঞ কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি তার বক্তৃতায় স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও শিক্ষাসমাপনী ব্যাচের কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।