যাত্রী-যানবাহন নিয়ে পদ্মায় ডুবলো ফেরি

বাল্ক‌হে‌ডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মাঝনদীতে রজনীগন্ধা ফেরিডুবির ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আজ বুধবার এ ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ বুধবার সকালে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। ফেরিতে সাতটি ছোটো ট্রাক ও দুটি বড় ট্রাক ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।’

তিনি আরও বলেন, ‘ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত দুইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এ অবস্থায় পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মায় ডুবে যায়।’

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিডুবির ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: ইত্তেফাক

এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান বলেন, ‘রাত থেকেই এই নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি। ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিডুবির ঘটনা ঘটেছে। ছবি: ইত্তেফাক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ‘মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরিটি নয়টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল আটটার দিকে পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।’