নিখোঁজ হওয়ার দুই দিন পর রেললাইনে যুবকের লাশ

রাজধানীর উত্তরা এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর রেললাইন থেকে তাসলিম আলম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে উত্তরা ৮ নম্বর রেলগেট এলাকার রেললাইন থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন তার সহকর্মীরা। পরে উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। পরিবারের দাবি, তাকে অপহরণের পর হত্যা করে রেললাইনে ফেলে গেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, তাসলিমের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। গত প্রায় আট বছর ধরে উত্তরায় একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। থাকতেন দক্ষিণখানে একটি মেসে। গত শনিবার সকালে কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর তাসলিমের ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা তার কর্মস্থলে যোগাযোগ করে জানতে পারেন যে তিনি কর্মস্থলেও যাননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর রবিবার চাচি রেহানা দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই দিন রাতেই তাসলিম তার বাড়িতে ছোটো বোনের কাছে ফোন করে বলেন, ‘আমি খুব কষ্টে আছি, মাকে কান্না করতে না করিস। আমি আসব। এরপর থেকে আবারও তার ফোন বন্ধ পাওয়া যায়। সর্বশেষ গত সোমবার দুপুরে তাসলিম আবার তার বোনকে ফোন করে একই কথা বলেন।