রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে আবাসিক শিক্ষার্থীকে হলের সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী প্রভোস্ট বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম রকি। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলায়। 

অপরদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সোহান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নেতা। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারী বলে জানা গেছে।

ভুক্তভোগী রাকিবুল ইসলাম রকির অভিযোগ, মঙ্গলবার রাত ৮টার দিকে রাতের খাবার খেতে বাইরে যাই। খাবার খেয়ে রুমে এসে দেখি আমার প্রয়োজনীয় জিনিসপত্র মেঝেতে ফেলে অন্য এক ছেলেকে আমার সিটে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতা সোহান। এই রুমে প্রভোস্ট আমাকে বরাদ্দ দিয়েছেন বলার পরেও তারা আমাকে থাকতে দেবে না বলে হুমকি দেয়। 

রকি জানায়, এ বিষয়ে প্রভোস্টের সঙ্গে দেখা করলে তিনি বলেন- আমার দায়িত্ব হলো সিট বরাদ্দ দেওয়া যা আমি দিয়েছি, এখন কীভাবে থাকবে সেটা তুমি জানো।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সোহানের ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, খবর পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে আমি ডেকেছি। কী হয়েছে তার কাছ থেকে শুনবো। যদি সে হলের কার্ডধারী শিক্ষার্থী হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে তার সিটে তুলে দেওয়া হবে। বিষয়টি দ্রুতই মীমাংসা করে দেওয়া হবে।

শহীদ হবিবুর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শরীফুল ইসলাম বলেন, আমি ওই ছেলেকে হলে সিট দিয়েছি। তার সমস্যাটি শুনেছি। এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গালিবের সঙ্গে আমার কথা হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে তার নিজ কক্ষেই তুলে দেওয়া হবে।