আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যৌক্তিক কারণে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর প্রতিবাদে বিরোধীরা হরতাল ডেকেছে; কিন্তু এই হরতালে জনগণের সাড়া মিলবে না। হরতাল নিয়ে সরকার সতর্ক আছে।
গতকাল মঙ্গলবার দুপু?রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে। আমাদের দেশের মানুষ বাস্তবতা বোঝেন। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। জনগণের কোনো ভোগান্তি না হয়, সরকার সেদিকে সচেষ্ট থাকবে।’
উল্লেখ্য, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ৭ জুলাই দেশজুড়ে আধাবেলা হরতাল ডেকেছে বামপন্থি দলগুলোর জোট। আওয়ামী লীগের এবারের সদস্য সংগ্রহের ক্ষেত্রে যুদ্ধাপরাধী জামায়াত পরিবারের সংশ্লিষ্টতা থাকলে নেওয়া হবে—এমন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘ধোঁয়াশার কোনো কারণ নেই, যুদ্ধাপরাধী বা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা আপসহীন।’
এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে যান ওবায়দুল কাদের। তার শারীরিক অবস্থা নিয়ে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে চিকিত্সাধীন এ টি এম শামসুজ্জামান একজন দেশবরেণ্য অভিনেতা। প্রধানমন্ত্রী তাঁর চিকিত্সার সকল দায় দায়িত্ব নিয়েছেন। তার নির্দেশেই এসেছি। চিকিত্সক বলেছেন, তাঁর অবস্থা এখন উন্নতির দিকে।’