তিতাস উপজেলা নির্বাচন

নৌকার চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল

কুমিল্লার তিতাসে চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) চেয়ারম্যান পদের প্রার্থী মো. শাহিনুল ইসলামের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জুন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ প্রার্থিতা বাতিল করা হয়। গতকাল মঙ্গলবার ওই প্রজ্ঞাপনটি উপজেলা নির্বাচন অফিসে পৌঁছেছে। গত ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগের দিন ও ভোটের দিন অধিকাংশ কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিতাস উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এদিকে, নৌকা প্রতীকের প্রার্থীর প্রার্থিতা বাতিলের পাশাপাশি তিতাস উপজেলা নির্বাচনের তফসিলও বাতিল করেছে কমিশন। ফলে ওই উপজেলায় যষ্ঠধাপে আগামী অক্টোবরে পুনরায় নির্বাচন করবে ইসি। ইত্তেফাককে এমনটা  জানিয়েছেন একজন উপসচিব।

নির্বাচন কমিশনের জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে বিধি বহির্ভূতভাবে ভোটগ্রহণের আগের রাত্রে বিভিন্ন অনিয়ম সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।