আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল

ওরা এখনো ‘নিখোঁজ’

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া চার ব্যক্তির এখনো হদিস মিলেনি। তারা বেঁচে আছেন নাকি গুম হয়েছেন—তা নিয়ে পরিবারের মধ্যে উত্কণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন সময়ে তারা অপহূত হওয়ার পর পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট থানায় ‘নিখোঁজ’ উল্লেখ করে জিডি দায়ের করেন। চারটি জিডি পুলিশ তদন্ত করে কোনো কুল কিনারা করতে পারেনি। নিখোঁজদের পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে বলা হচ্ছে, ‘আমরা চেষ্টা করছি। উদ্ধারের জন্য অভিযান চলছে।’ তবে তাদেরকে যারাই নিয়ে যাক বা নিখোঁজ হয়ে যাক—পরিবারের সদস্যরা উদ্ধারের আকুতি জানিয়ে বলেছেন, ‘আমরা শুধু আমাদের প্রিয়জনকে উদ্ধার চাই’।

আতাউর রহমান শাহীন তেজগাঁও শিল্পাঞ্চলের বেঙ্গল গ্লাস ওয়ার্কস ফ্যাক্টরির আইটি শাখার সহকারী ব্যবস্থাপক। গত ২ মে সকালে অফিসে কাজে যোগ দেন। সেখান থেকে তিনি সন্ধ্যা ৭টা ২২ মিনিটে বের হন। সেখান থেকে তিনি নিখোঁজ হন।

এ ব্যাপারে অপহূতের স্ত্রী তানিয়া গতকাল বলেন, ‘পুলিশ আমার স্বামীকে উদ্ধারের চেষ্টা করছে। এ ব্যাপারে পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা র্যাবের কাছেও অভিযোগ করেছি। র্যাবও চেষ্টা করছে। আমার স্বামীর সঙ্গে তার প্রতিষ্ঠানের কারো কোনো দ্বন্দ্ব নেই। তার কোনো শত্রুতাও নেই। কারা তাকে অপহরণ করেছে—তা আমরা বুঝতে পারছি না।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আলী হোসেন খান জানান, পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ভিডিওতে অপহরণের বিষয়টি স্পষ্ট হলেও কারা অপহরণ করছে সেটি স্পষ্ট নয়। ভিডিওতে দেখা গেছে তিনজন লোক শাহীনকে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নেয়। মাইক্রোবাসের নম্বরও বোঝা যাচ্ছে না। তবে ঐ তিনজন কারা সে ব্যাপারে গতকাল পর্যন্ত কোনো তথ্য মিলেনি।

গত ১ এপ্রিল মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাড়ির সামনে থেকে আইটি বিশেষজ্ঞ কামরুল হাসান (৩১) অপহূত হন।পরদিন তাকে বিভিন্নস্থানে থাকা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেন তারা। এরপর তারা র্যাব ও ডিবি পুলিশের কার্যালয় এবং ঐ এলাকার থানায়ও খোঁজ করেন। কোথাও তাকে খুঁজে না পেয়ে অবশেষে তিনি পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মিরপুর ডিওএইচএস এলাকার ৪ নম্বর এভিনিউয়ের ১০ নম্বর রোডের ৬৫৯ নম্বর বাড়িতে র্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল (অব) হাসিনুর রহমান ডিউক সপরিবারে থাকতেন। ৮ আগস্ট রাত ৯টার দিকে এক বন্ধুর সঙ্গে দেখা করতে হাসিনুর বাসা থেকে বের হয়ে যান। দেখা শেষ করে ১০টার পর বাসার উদ্দেশ্যে রওনা দেন। ১০টা ২০ মিনিটের দিকে বাসার ঠিক কাছেই ৭৯২ নম্বর বাড়ির সামনে একটি মাইক্রোবাস থেকে ৪/৫ জন ব্যক্তি নেমে হাসিনুরকে উঠিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ঐ সময় হাসিনুর চিত্কার করতে থাকেন। মাইক্রোবাস থেকে নামা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় হাসিনুরের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তারা তাকে মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম গতকাল বলেন, ‘আমরা লে. কর্নেল (অব) হাসিনুর রহমান ও আইটি বিশেষজ্ঞ কামরুল হাসানকে খুঁজছি। তারা অপহূত হয়েছেন নাকি ‘নিখোঁজ’ হয়েছেন—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় দায়ের করা জিডি দুটি আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। দেখা যাক, তাদেরকে উদ্ধার করতে পারি কি না।’

২০১৭ সালের ২৫ আগস্ট ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে নিখোঁজ হন কানাডার ম্যাকগ্রিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশরাক আহমেদ (২০)। তিনি ঢাকায় ছুটিতে এসেছিলেন।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফী বলেন, ‘আমরা এখনো ইশরাকের কোনো সন্ধান পাইনি। তার নিখোঁজের ঘটনায় দায়ের করা জিডি তদন্ত করা হচ্ছে।’