আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গেল আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ নতুন ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। এবারের আসরে চার বারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে সামনে থেকে নেতৃত্ব দেবেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। প্রথম ম্যাচের আগের দিন গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লার এই অধিনায়ক। জানান দল নিয়ে নিজের পরিকল্পনার কথা।
গেল আসরে ইমরুল কায়েসের নেতৃত্বে চতুর্থ বারের মতো বিপিএলের শিরোপা জিতেছে নাফিসা কামালের দল। ইমরুলই সবশেষ কয়েক আসর ধরে নেতৃত্ব দিচ্ছিল দলটিকে। তবে এবার লিটনের ওপর রেখেছে বিপিএলের এই সফল ফ্রাঞ্চাইজিটি। এই বিষয়ে সবার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধন্যবাদ জানিয়ে লিটন বলেন, “প্রথমতো এখন যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতেছি এবং তারা আমাকে এই দায়িত্ব দিয়েছে তাদের ‘ধন্যবাদ’। এখন আমার সম্পূর্ণ চিন্তা-ভাবনা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে। আমি চেষ্টা করব আমার শতভাগ এখানে দেওয়ার।” প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে গেলবারের চ্যাম্পিয়নরা। মাঠে নামার আগে প্রতিপক্ষ ঢাকাকে নিয়ে লিটন বলেন, ‘ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সব দলই খুব ভালো। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটে-বলে যে দল ভালো খেলবে, তারাই জিতবে। মাঠে আমাদের শতভাগ দিয়ে খেলতে চাই।’
টি-টোয়েন্টি খেলা সব সময়ই আক্রমণাত্মক দেখতে পছন্দ করে দর্শকরা। সেই অনুসারে ব্যাটার এবং বোলাররাও ঐ রূপেই নিজেদের মাঠে প্রকাশ করার চেষ্টা করে। উইকেটও তৈরি হয় ঐ কথা মাথায় রেখেই। তবে দেশের আকাশ গেল কিছুদিন ধরে কুয়াশাচ্ছন্ন। পরিবেশও বেশ ঠান্ডা। এমনটি ম্যাচের দিনেও থাকলে কোনো প্রভাবে পেলতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা, সেটা ঠিক আছে। অনেক সময় ১৩০-১৪০-ও রান হয়। সব সময় যে চার-ছক্কাই হবে, তা না, মাঝে মাঝে তাড়াতাড়ি উইকেট যাচ্ছে, সেটাও একটা মজার খেলা। সব কিছু নির্ভর করছে আগামীকাল কী হবে, তার ওপর। যদি সূর্য ওঠে, তাহলে একরকম হবে আর যদি কুয়াশা থাকে, তাহলে ম্যাচের দৃশ্য আরেক রকম হবে। আবহাওয়ার ওপরই সব কিছু নির্ভর করছে।’
বিপিএলে বিদেশি ক্রিকেটাররা আসা-যাওয়ার মধ্যে থাকে। তাদের ঠিকঠাকভাবে পাওয়া একটা বড় চ্যালেঞ্জ। আপনারা এই বিষয়ে কীভাবে পরিকল্পনা সাজাচ্ছেন। এই বিষয়ে কুমিল্লার অধিনায়ক বলেন, ‘কোচের সঙ্গে কথা হয়েছে, প্রথম ম্যাচ নিয়ে আমাদের একটু সমস্যা ছিল, তবে মনে হয় না দ্বিতীয় ম্যাচ নিয়ে কোনো সমস্যা হবে।’ সেই সঙ্গে নিজের দল নিয়ে আশাবাদী লিটন। এই বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দল অনেক ব্যালেন্স। আমাদের যত খেলোয়াড় আছে, সবারই ম্যাচ জেতানোর ক্ষমতা আছে।’