আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত নিতে মিয়ানমারের ওপর কার্যকরভাবে চাপ সৃষ্টি করার জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দিয়েছেন। তাদের ফেরত পাঠানোর প্রশ্নে সমগ্র জাতি এখন একাট্টা। বাংলাদেশের জনগণের প্রতি সম্মান দেখিয়ে রোহিঙ্গা প্রসঙ্গে চীনের কার্যকারী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে এ ব্যাপারে সফলতা আসবে বলে আমরা আশাবাদী।
গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানিয়ে নাসিম বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। আমরা চেষ্টা করছি শেখ হাসিনার নেতৃত্বে জনগণের যে কোনো ন্যায্য দাবিকে পূরণ করতে। গ্যাসের মূল্য বৃদ্ধিতে জনমনে প্রশ্ন উঠেছে। তাই সহনীয় পর্যায়ে গ্যাসের দাম রাখতে হবে।
‘ক্রসফায়ার সমাধান নয়’:সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি সবাইকে স্পর্শ করেছে। বিষয়টি পুনর্বিবেচনার করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সামাজিক অস্থিরতা নির্মূলে ক্রসফায়ার সমাধান নয়। অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঘৃণা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন, ভারত ও রাশিয়াকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
‘অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে’:জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বাড়তি সমস্যা। বিষয়টি সমাধানে চীন ও ভারতের কার্যকরী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সামাজিক অস্থিরতা দূর করতে সুশাসনই একমাত্র সমাধান। মুখ বা দল দেখে নয়, অপরাধী হলেই তাকে কঠোর শাস্তি দিতে হবে।
সভাপতির বক্তৃতায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াও রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে ১৪ দলের আরো অনেক নেতা উপস্থিত ছিলেন।