অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন চিত্রনায়ক শাকিব খান। প্রসাধনী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্কের পরিচালক হিসেবে যুক্ত হলেন তিনি। একইসঙ্গে তিনি কাজ করবেন অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন শপ হারল্যানের সঙ্গে।
শনিবার (২০ জানুয়ারি) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন শাকিব।
এসময় উপস্থিত ছিলেন—রিমার্কের পরিচালক শাহরিয়ার আলম শুভ, আবুল বাশার হাওলাদার, নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন ও হারল্যানের সিইও এমদাদুল হক সরকার।
শাকিব খান বলেন, ‘আমরা বিভিন্ন সময় নানা রকম রং ফর্সাকারী ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি। কিন্তু সেই পণ্যগুলো যদি ভেজাল হয়, তা আমাদের সুন্দর না করে উল্টো ক্ষতি করে। এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই জনসাধারণের কথা চিন্তা করে, আমি দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস পণ্য নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। এর জন্য হারল্যানের মতো দেশের সবচেয়ে বড় অথেনটিক রিটেইল কসমেটিকস চেইন শপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’
হারল্যানের সিইও এমদাদুল হক সরকার বলেন, ‘নকল ও চোরাকারবারির মাধ্যমে আসা বেআইনি পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান। এসব স্বাস্থ্যঝুঁকি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান দিতে দেশের সংখ্যাগরিষ্ঠ কসমেটিকস অনুরাগীদের কাছে মানসম্পন্ন কসমেটিকস পণ্য পৌঁছে দেওয়াই হারল্যানের প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘চিত্রনায়ক শাকিব খানের এই মহতি উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত। তার এই পরিকল্পনা সারা বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি। শাকিব খান তার কোম্পানির পণ্য দেশসেরা রিটেইল চেইন হারল্যানের মাধ্যমে দেশজুড়ে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন।’
জানা গেছে, সর্বাধিক ব্র্যান্ড নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিমার্কের মাধ্যমে আমদানিনির্ভর কসমেটিকস খাত একটি রপ্তানিযোগ্য শিল্প খাতে রূপান্তরিত হচ্ছে। স্কিনকেয়ার ও কসমেটিকসের ৫০টিরও বেশি ব্র্যান্ড নিয়ে কাজ করছে রিমার্ক। অন্যদিকে দেশের সব ধরনের মানুষের জন্য প্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতেই বিভিন্ন স্থানে হারল্যানের নিত্য-নতুন শোরুম উদ্বোধন হচ্ছে।