নালিতাবাড়ীতে মাদ্রাসার জমি নিয়ে দ্বন্দ্ব, নারীসহ আহত ৩৫, আটক ৮

শেরপুরের নালিতাবাড়ীতে ওয়াকফকৃত কওমি মাদ্রাসার জমি লিজ নেওয়ার দ্বন্দ্বে নারীসহ উভয় পক্ষের ৩৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ১০ জনকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও কয়েক জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপার গ্রামের মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার নামে প্রায় ২৫ কাঠা আবাদি জমি রয়েছে। উক্ত জমি প্রতি বছর প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে লিজ দেওয়া হয়। এবারও সর্বোচ্চ ধরদাতা হিসেবে ২৫ শতাংশ জমি লিজ নেয় জনৈক জাহের আলী নামে এলাকার এক ব্যক্তি। সে অনুযায়ী জাহের আলী চাষাবাদ করে রোপণের জন্য প্রস্তুত করে। মাদ্রাসার সাধারণ সম্পাদক হাবেজ আলী ও রেজাউল লিজ দেওয়া জমি গতকাল শুক্রবার রোপণ করে। বিষয়টি নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে সমাধানের জন্য গতকাল শনিবার গোল্লারপার পাকা সড়কে উভয়পক্ষকে নিয়ে আলোচনা বসে।

এমতাবস্থায় আলোচনার একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটিতে মাদ্রাসার সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান আলী ও সাধারণ সম্পাদক হাবেজ আলীর মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মারামারি শুরু করে। এ সময় দোকান পাট, বাড়িঘর ও বেটারি-চালিত অটোরিক্সা ভাঙচুর করে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ উপস্থিতিতে উভয় পক্ষকে শান্ত করে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের আট জনকে আটক করে থানায় নিয়ে আসে। এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নালিতাবাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম বলেন, মাদ্রাসার জমির ধান রোপণ নিয়ে দ্বন্দ্বে ৩৫ জন আহত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আট জনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।