মুন্সীগঞ্জে কিশোরের লাশ উদ্ধার

মঙ্গলবার মুন্সীগঞ্জ সদরের চাম্পাতলা থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মো. সোহাগ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোহাগ দুর্গাবাড়ি এলাকার পিয়ার আলির ছেলে। সোহাগ কখনো ট্রাকের হেলপার, কখনো মিশুকচালক ও সর্বশেষে সুতার কারখানায় কাজ করত বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন গাজী জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কে বা কারা গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

লৌহজংয়ে ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জের লৌহজংয়ে র্যাবের অভিযানে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার গোয়ালীমান্দ্রা বেদে পট্টি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বেদে পট্টির মো. আশরাফুল ইসলামের পুত্র মো. সরজ (২৬) ও মৃত রফিকুল ইসলামের পুত্র মো. শফিকুল ইসলাম (২৪)। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল নিষিদ্ধ ফেনসিডিল,  মাদক বিক্রির ৩৯ হাজার ৬০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।