রংপুরে ৬টি আসনে ৪৬জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রংপুরের ৬টি আসনে ৬০জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং বৈধ হয়েছে ৪৬জন। রবিবার সন্ধ্যায় জেলা রিটানিং অফিসার ও রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুর জেলার ৬টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা পরে ছিলো ৬০টি। হলফনামায় ত্রুটি, বিদ্যুৎ বিল বকেয়া ও ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে ১৪জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৬জনের মনোনয়ন বৈধ হয়েছে। এর মধ্যে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

বাতিলকৃতরা হলেন- স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেয়া আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী সিএম সাদিক ও আলমগীর হোসেন।

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে ২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃতরা হলেন জাসদ প্রার্থী কুমারেশ চন্দ্র রায় ও স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ বিষু।

রংপুর-৩ (সদর ও সিটি) আসনে ২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃতরা হলেন স্বতন্ত্র প্রার্থী হাবিবুল হক সরকার ওরফে ফুলু সরকার ও নাজমুল হক।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে ২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃতরা হলেন জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল ও বিএনপির আমিনুল ইসলাম রাঙ্গা। 

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৪জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃতরা হলেন-বিএনপি থেকে শাহ্ সোলায়মান আলম ফকির, ডা. মমতাজ হোসেন, স্বতন্ত্র আব্দুল হালিম মণ্ডল ও মওদুদা আকতার দিনা।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ১জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ইসলামী আন্দোলনের মাওলানা বেলাল হোসেন। 

রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, রংপুরের সংসদীয় ছয়টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপিসহ ১৮টি রাজনৈতিক দলের ৬০ জন মনোনয়ন জমা করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ রয়েছে ৪৬ জনের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের স্পীকার রয়েছে ড. শিরীন শারমিন চৌধুরী রয়েছেন।

ইত্তেফাক/বিএএফ