রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার যে প্রস্তাব মার্কিন কংগ্রেসে উঠেছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছে মিয়ানমার। মিয়ানমার সরকারের সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৩ জুন মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়ার জন্য বাজেট বিষয়ক শুনানিতে প্রস্তাবটি ওঠে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান মিয়ানমারের রাখাইন রাজ্যকে দেশটি থেকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার সম্ভাবনার কথা বিবেচনার জন্য পররাষ্ট্র দফতরের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাকে যুক্তরাষ্ট্র যদি সমর্থন করতে পারে, তাহলে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কেন একই ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না?
এ বিষয়ে মিয়ানমারের সরকারি সূত্র জানায়, এই প্রস্তাব একটি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা। এটি অবাস্তব ধারণার ওপর ভিত্তি করে অমূলক প্রস্তাব।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত নিধন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা। আগে পরে সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।