বিমানের টয়লেটে মিলল ৬ কোটি টাকার সোনা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের টয়লেট থেকে পৌনে ১৩ কেজি সোনার বার পাওয়া গেছে। যার মূল্য ৬ কোটি টাকার বেশি। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানের এয়ারক্রাফট মেকানিক মোহাম্মাদ আফজাল হোসেন হাওলাদারকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সোনার এসব বার উদ্ধার করে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল।

ঢাকা কাস্টম হাউজের উপ-পরিচালক অথেলো চৌধুরী বলেন, গোপন সূত্রে তথ্য পেয়ে বিমানের উড়োজাহাজ ‘অরুণ আলো’র টয়লেটে তল্লাশি করা হয়। বিমানটি দুপুর সাড়ে ১১টার দিকে ওমানের মাসকট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির ২১-এ নম্বর আসনের পেছনে টয়লেটে তল্লাশি করা হয়। এ সময় টয়লেটের ভেতর ব্যবহূত টিস্যু ফেলার বক্সের নিচের একটি গোপন স্থান থেকে কালো স্কচটেপে মোড়ানো ৬টি বান্ডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বান্ডিলগুলো পরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে সোনার ১১০টি বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০ তোলা। সব মিলিয়ে উদ্ধার হওয়া সোনার বারের ওজন ১২ কেজি ৭৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৩৮ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজাল হোসেন হাওলাদার সোনা চোরাচালানের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।