ইরান আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সফলতা এসেছে— তেহরান এমন ঘোষণা দেওয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করলেন। এদিকে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালালে ৩০ মিনিটের মধ্যে ইসরাইলকে ধ্বংস করে দেওয়া হবে। খবর রয়টার্স ও ভয়েস অব আমেরিকার
হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাঁরা ঠিকই জানে তাঁরা কী করছেন। তাঁরা এও জানেন তাঁরা কী নিয়ে খেলছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেবে না। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছিলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে ৩০০ কেজির সীমা অতিক্রম করেছে যা তাদের সমৃদ্ধকরণ কর্মসূচির ৩ দশমিক ৭৬ ভাগ। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক কমিশনের চেয়ারম্যান মোজতবা জলনৌর হুঁশিয়ারি দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর হামলা চালায় তাহলে ইসরাইলকে আধা ঘণ্টার মধ্যে ধ্বংস করে দেওয়া হবে।’
জাভেদ জারিফ বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সফলতা পরমাণুবিষয়ক চুক্তির শর্ত লঙ্ঘন করেনি। ইরান ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২০১৫ সালে চুক্তি করেছিল যে, তাঁরা পরমাণু অস্ত্র গবেষণা বন্ধ করবে এবং এর পরিবর্তে ইরানের বিরুদ্ধে থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। শর্ত ভঙের অভিযোগে ট্রাম্প প্রশাসন ঐ চুক্তি থেকে সরে আসে।