প্রতিবেশী দেশে গ্যাসের দাম কমছে আর সরকার দাম বাড়াচ্ছে :রিজভী

গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। মিছিলশেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জনগণকে কষ্টে ফেলতে এবং নিজেদের পকেট ভারী করতে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে গ্যাসের দাম কমছে আর লুটপাটের জন্য সরকার দাম বাড়াচ্ছে।

রিজভী বলেন, জনগণের ওপর জুলুম ও শোষণ-নির্যাতন চালিয়ে ক্ষমতা দখলের মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করাই এদের একমাত্র লক্ষ্য। আর এজন্যই সরকার জনগণের রক্ত চুষতে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছে। এখন তারই বহিঃপ্রকাশ ঘটলো গ্যাসের মূল্যবৃদ্ধিতে। অবিলম্বে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি কার্যকর না করার জন্য জোর দাবি জানাচ্ছি। সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে জনগণকে সাথে নিয়ে বিএনপি রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে দৃঢ় সংকল্পবদ্ধ।

রিজভী বলেন, ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট চুরির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল ও দীর্ঘ মেয়াদে অবৈধ ক্ষমতা ভোগ করতেই বেগম খালেদা জিয়াকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১০ মাস আগেই মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে সরকার।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি নয়া পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রিজভী। মিছিলটি বিজয় নগর মোড়ে পৌঁছলে সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার সভাপতিত্ব করেন। বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, সহ-সভাপতি ইউনুস মৃধা, নবী উল্লাহ নবী, মোশারফ হোসেন খোকন, মীর হোসেন মীরু, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিম প্রমুখ।