সুতার ওপর কেজিতে ৪ টাকা মূসক ধার্য করায় বিটিএমএ’র কৃতজ্ঞতা

২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবনায় সুতার ওপর ৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করা হয়। এতে দেশীয় উইভিং মিল সংশ্লিষ্টদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা ব্যর্থতায় পর্যবসিত হবে এ আশঙ্কায় বিটিএমএ স্থানীয়ভাবে তৈরি সকল কাউন্টের সুতার ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন করের পরিবর্তে প্রতি কেজিতে ৪ টাকা মূল্য সংযোজন কর ধার্যের জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ জানায়।

এর প্রেক্ষিতে দেশীয় বস্ত্র শিল্পের স্বার্থ বিবেচনায় এবং বিপুলসংখ্যক প্রান্তিক তাঁতীদের কথা চিন্তা করে প্রস্তাবিত মূল্য সংযোজন কর প্রত্যাহার করে কেজিতে ৪ টাকা হারে মূসক আরোপের মাধ্যমে অর্থ বিল ২০১৯ জাতীয় সংসদে পাস হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বিটিএমএ বলেছে, দেশীয় টেক্সটাইল শিল্পের ন্যায্য স্বার্থ সংরক্ষণে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত দেশকে স্বনির্ভর করার ক্ষেত্রে তার দূরদর্শিতারই পরিচয় বহন করে। সামগ্রিকভাবে বস্ত্রখাতে এর প্রতিফলন হবে বলে তারা আশা প্রকাশ করে।