যুদ্ধাপরাধীর সন্তানদের আওয়ামী লীগে নেওয়া যাবে না -------তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আওয়ামী লীগের এমন দৈন্যদশা হয়নি যে যুদ্ধাপরাধীদের সন্তানদের নিয়ে আওয়ামী লীগকে পরিচালিত করতে হবে। যুদ্ধাপরাধীদের সন্তানের রক্তে বেইমানি আছে, এদের দলে নিলে যে কোনো সময় এরা বেইমানি করবে। এদেরকে দলে আশ্রয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। গতকাল মঙ্গলবার দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সভায় মূল প্রবন্ধ পাঠ ও সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। শ্যামলী নাসরীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী, কূটনীতিক ও সাবেক সচিব আতিকুর রহমান, অ্যারোমা দত্ত এমপি, মুহাম্মদ শফিকুর রহমান এমপি, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব), মো. নাসির উদ্দিন আহমেদ, রামেন্দু মজুমদার, উত্তম বড়ুয়া, ডা. নুজহাত চৌধুরী প্রমুখ।

ডা. মুরাদ হাসান বলেন, ‘যুদ্ধাপরাধীদের সন্তানদের আমরা আওয়ামী লীগ করতে দিতে পারি না। এদেরকে দলে আশ্রয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরা এখন কোনো উপায় না পেয়ে ঘাপটি মেরে আছে। যে কোন সময় সুযোগ পেলে এরা আমাদের চরম ক্ষতি করবে।’