রাজধানীর খিলগাঁওয়ে পানিতে ডুবে সোহান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির পর বিকাল ৫টায় চিকিত্সকরা মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, জরুরি বিভাগ থেকে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সোহানের বাবা আহসান উল্লাহ জানান, তাদের বাসা খিলগাঁও মেরাদিয়া। সোহান দক্ষিণ বনশ্রী আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল শেষে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার পর বনশ্রী কাজী বাড়ির ঝিলে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।