খুলনার আদালত এলাকা থেকে খেলনা পিস্তলসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে জজকোর্টে প্রবেশ পথের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক কিশোর গ্যাংয়ের ৬ সদস্য হচ্ছে নগরীর জিন্নাপাড়া এলাকার সেলিম হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৪), একই এলাকার মো. বাবু শেখের ছেলে মো. ফেরদাউস শেখ (১৮), লিয়াকত শেখের ছেলে মাসুদ রানা (২৪), রফিক কাজীর ছেলে নাঈম কাজী (১৮) এবং টুটপাড়া জোড়াকল বাজার গাছতলা মন্দির এলাকার দীপক বিশ্বাসের ছেলে রিতু বিশ্বাস (২২) ও টুটপাড়া মহিরবাড়ী খালপাড় এলাকার সুবাহান হাওলাদারের ছেলে মামা সবুজ হাওলাদার (১৮)।
খুলনা সদর থানার ওসি মো. কামাল হোসেন খান তাদের আটকের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মরহুম অ্যাডভোকেট মনজুরুল ইমাম সড়কের জজ কোটের প্রবেশের মুখে একটি চায়ের দোকানের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা খেলনা পিস্তল দিয়ে বিচারপ্রার্থীদের ভয় দেখাচ্ছিল। এ সময় পুলিশ খবর পেয়ে কিশোর গ্যাংয়ের উক্ত ৬জনকে আটক করে। আটকদের মধ্যে সাগর হাওলাদারের কাছ থেকে একটি খেলা পিস্তল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি উল্লেখ করেন।