শ্রীলঙ্কায় বহিষ্কৃত পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিব গ্রেফতার

ইস্টার সানডেতে হামলার ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে শ্রীলঙ্কার বহিষ্কৃত পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরা ও সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্ডোকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় বলে শ্রীলঙ্কার পুলিশ বিভাগের মুখপাত্র এসপি রুয়ান গুনসেকারা জানিয়েছেন।

মুখপাত্র জানান, সিআইডির কর্মকর্তারা দুইজনকে গ্রেফতার করেন। অসুস্থতার কারণে ফার্নান্ডো ন্যাশনাল হাসপাতালে ভর্তি ছিলেন। আর পুলিশ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় জয়াসুন্দরাকে। গতকাল ইস্টার সানডেতে জঙ্গি হামলার বিষয়ে সাক্ষ্য দিতে সিআইডি তলব করলেও অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার কার্যনির্বাহী পুলিশ প্রধান চন্দনা উইক্রমরত্নেকে চিঠি দিয়ে শ্রীলঙ্কার অ্যাটর্নি জেনারেল ডাপ্পুলা ডি লিভেরা জানান, মানবাধিকারের বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ সংগঠনের কারণে সাবেক প্রতিরক্ষা সচিব ও পুলিশ প্রধানের বিচার হওয়া উচিত। গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় সিরিয়াল বিস্ফোরণে ২৫৮ জন নিহত হন। আগাম সতর্কতা থাকলেও নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হন প্রতিরক্ষা সচিব ও পুলিশ প্রধান। -এনডিটিভি