জনগণের অধিকার আদায়ে সংগ্রাম চলবে: সুব্রত চৌধুরী 

জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে গণফোরাম অবিরত ছুটে চলেছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। 

সুব্রত চৌধুরী বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের শাসন প্রতিষ্ঠায় গণফোরাম সোচ্চার ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে এক দফা দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করছে। 

তিনি আরও বলেন, কর্তৃত্ববাদী এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরালো করতে গণফোরামের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে।  

সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদের সদস্য রতন ব্যানার্জী, আব্দুল হাসিব চৌধুরী, হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুকসহ অনেকে।