বিপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ ফরচুন বরিশালের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স। সর্বশেষ ম্যাচে গতকাল গেল আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৮ রানের দুর্দান্ত এক জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের দল।
গতকাল ম্যাচ শেষে দলের অফিশিয়াল সংবাদ সম্মেলনে আসেন রংপুরের অধিনায়ক। এই ম্যাচে জয় নিয়ে সোহান বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখানে আমরা (সিলেটে) দুটি ম্যাচ জিতেছি, টিম আগে থেকে অনেক বেশি উজ্জীবিত হয়েছে। যেহেতু এটা একটা বড় টুর্নামেন্ট। আমাদের পরের ম্যাচ তিন তারিখে। আমার কাছে মনে হয়, এই জয়টা আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দেবে এবং পরের ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সেই সঙ্গে নিজের দল নিয়ে রংপুরের এই অধিনায়ক আরো বলেন, ‘আমার কাছে মনে হয়, ক্রিকেট একটি দলগত খেলা। একজন এক জনকে সাপোর্ট দেবে এবং একসাথ হয়ে কাজ করবে। রংপুর রাইডার্সের একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে একটা পরিবারের মতো থেকে খেলা। আমাদের টিমে নবি, বাবর আজম এবং সাকিব ভাই দলের প্রয়োজনে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। কীভাবে কি করলে দল ভালো করবে। তারা আমাকে মাঠে সঠিক সিদ্ধান্তটা নিতে অনেক সাহায্য করে। একটা টিম তখনই ভালো করে যখন তারা একটা পরিবারের মতো হয়ে খেলে।’
এছাড়াও দলটির সবচেয়ে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে দলটির অধিনায়ক বলেন, ‘সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার এবং বর্তমানেও তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার আছেন। তার চোখের সমস্যার জন্য তিনি একটু সমস্যায় ভুগছেন। আমার কাছে মনে হয়ে আমাদের দলের জন্য সাকিব ভাইয়ের মাঠে উপস্থিত থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
গতকাল কুমিল্লার বিপক্ষে শেষ ওভারে বল হাতে দেখা যায় সাকিব আল হাসানকে। এটা কি আগে থেকে পরিকল্পিত ছিল কিনা। এমন প্রশ্নের জবাবে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা আগে থেকে প্লেন করা ছিল। সাকিব ভাই শেষ ওভারে বল করতে আসবে।’
সর্বশেষ দুই ম্যাচে ব্যাট হাতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। এই বিষয়ে রংপুরের অধিনায়ক বলেন, ‘সাকিব ভাই ব্যাটিং অনুশীলন করছে, এমনকি তিনি ছুটির দিনে নিজে নিজে অনুশীলন করছেন। ওনার যেই চোখের সমস্যা আছে, সেটা আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে। আমার মনে হয়ে হয়তো টুর্নামেন্টের শেষের দিকে সাকিব ভাইকে আমরা পুরো দমে পাব।’