বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকাকে ১৪৩ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক সৈকত। ব্যাট করতে বিপর্যয়ে পড়লেও অধিনায়ক মোহাম্মাদ মিথুনের ব্যাটে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সিলেট।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। দলীয় ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। এরপর অধিনায়ক মিথুন ও সমিত প্যাটেল মিলে শুরুর এই বিপর্যয় সামাল দেন।
৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। প্যাটেল ৩২ বলে ৩২ রান করে আউট হন। তবে সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন মিথুন। আউট হওয়ার আগে ৪৬ বলে ৫৯ রান করেন সিলেটের অধিনায়ক।
শেষ দিকে আরিফুল হকের ৯ বলে ২১ রানের ছোট্ট ক্যামিওতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সিলেট। ঢাকার পক্ষে পেসার শরিফুল ইসলাম নেন ৪টি উইকেট।