ফুল

লাল মুক্তঝুরি

 

লাল মুক্তঝুরি ভারত উপমহাদেশীয় উদ্ভিদ। এর অন্যান্য নাম মুক্তবর্ষী, শিবঝুল, শিবজটা, ব্রহ্মজটা ইত্যাদি। ফুটন্ত ফুল দেখতে মালার মতো দেখায় বলে আমাদের দেশে অঞ্চলভেদে এ ফুলকে অনেকে ‘মালা ফুল’ নামে চেনেন। পরিবার Euphorbiaceae, উদ্ভিদতাত্ত্বিক নাম Acalypha hispida। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি Acalypha নামে পরিচিত। আমাদের দেশে রয়েছে এ ফুলের ব্যাপক বিস্তৃতি। তাই তো বাগান, খোলা মাঠ, রাস্তার ধার, পতিত জমি, বন-জঙ্গলের ধার, পাহাড়ি এলাকা এবং বাসা-বাড়ির আশেপাশে এর দেখা মেলে। এ ফুলের ক্ষেত্রে কম পরিচর্যা ও যত্ন প্রয়োজন হয়। তাছাড়া এতে রোগ-বালাইয়ের আক্রমণ কম হয়ে থাকে। প্রায় সব ধরনের মাটি ও রৌদ্রোজ্জ্বল থেকে হালকা ছায়াযুক্ত স্থান এবং ভেজা থেকে স্যাঁতসেঁতে স্থানেও এ ফুলগাছ জন্মে। গাছের গড় উচ্চতা ৭৫ সেন্টিমিটার হয়ে থাকে। গাছের শাখা-প্রশাখা ছড়ানো। এর কাণ্ড ও শাখা-প্রশাখা খুব শক্তমানের নয়। এর ডিম্বাকৃতির পাতা লম্বায় ৩ থেকে ৮ সেন্টিমিটার হয়ে থাকে, রং সবুজ, কিনারা করাতের মতো খাঁজকাটা ও শিরা-উপশিরা স্পষ্ট। লক্ষণীয় বিষয়, পাতার চেয়ে পাতার বোঁটা লম্বা। পত্রকক্ষ থেকে লম্বা মঞ্জুরিতে ফুল ধরে এবং ফুল নিচ দিকে ঝুলে থাকে। এর মঞ্জুরি লম্বায় ১৫ থেকে ২০ সেন্টিমিটার। রং টকটকে লাল। ফুল ফোটার মৌসুম প্রধানত গ্রীষ্ম ও বর্ষা। তবে প্রায় সারা বছরই ফুল ফোটে। ফুল গন্ধহীন।

ফুল ফুটন্ত মুক্তঝুরি গাছের সৌন্দর্য মনোরম। বাগানের সৌন্দর্য বিকাশে এ ফুলের ভূমিকা অতুলনীয়। ফুল শেষে গাছে বীজ হয়। বীজ আকারে ক্ষুদ্রাকৃতির। বীজের মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে।

মুক্তঝুরি গাছের রয়েছে ভেষজ নানান গুণ। এর পাতা, শেকড়, মূল ভেষজ চিকিত্সায় ব্যবহূত হয়। যখন ফুল ফোটে তখন ওষুধের কাজে লাগানোর উপযুক্ত হয়। ব্রঙ্কাইটিস, হাঁপানি, নিউমোনিয়া, কোষ্টকাঠিন্য, বদহজম, ত্বকের ফোঁড়া সারাতে এবং বাত-ব্যথায় বেশ উপকারী।