তথ্যপ্রযুক্তি ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও প্রাযুক্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড ডাটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) পেশাজীবী টিম তৈরি করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত এলআইসিটি প্রকল্পের সহায়তায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমআইএসের সঙ্গে অংশীদারিত্বে এই টিম তৈরি করা হয়েছে।
ইজেনারেশনের গুলশান প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ এবং সফলভাবে প্রকল্পটি সম্পন্ন করার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উক্ত ৩০ জনকে সনদপত্র প্রদান করা হয়। দেশি এবং বিদেশি প্রশিক্ষকদের মাধ্যমে আধুনিক ডাটা সায়েন্স প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে টিমটি বিভিন্ন ডাটা ওয়্যারহাউজিং, ডাটা মডেলিং, ডাটা অ্যানালিটিক্স এবং ভিজ্যুয়ালাইজেশন নিয়ে রিয়েল-টাইম প্রজেক্ট বাস্তবায়ন করেছে। অত্যাধুনিক প্রযুক্তি যেমন ডাটা অ্যানালাইটিক্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, ডিজিটাল প্লাটফরম এবং ইন্টারনেট অব থিংকস (আইওটি) নিয়ে কাজ করা ইজেনারেশন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে এলআইসটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম এনডিসি, ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান, ইজেনারেশন লিমিটেডের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাটা সায়েন্স অ্যাডভাইজর এ কে ফয়েজ উল্লাহ এবং ইজেনারেশনের হেড অব অপারেশন এমরান আবদুল্লাহ।
ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান বলেন, ‘আইসিটি ডিভিশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে আমরা ডাটা সায়েন্স এবং এ আই বিষয়ে উচ্চ দক্ষতাসম্পন্ন টিম তৈরি করেছি।’