‘প্রাণভয়ে’ দেশ ছেড়েছিলেন দুবাইয়ের শাসকের স্ত্রী

বিবিসি

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাখতুম ইনস্টাগ্রামে সম্প্রতি কয়েকটি কবিতা পোস্ট করে একজন নারীকে বিশ্বাসঘাতকতার জন্য দায়ী করেছেন। ধারণা করা হচ্ছে, এই নারী হলেন তার ছয় স্ত্রীর একজন, প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন। হায়া এ বছরের শুরুর দিকে দেশ ছেড়ে পালিয়েছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে জানিয়েছেন, প্রাণভয়ে দুবাই ছেড়েছেন তিনি।

জর্ডানি বংশোদ্ভূত ও ব্রিটেনে পড়াশোনা করা ৪৫ বছর বয়সী প্রিন্সেস হায়া ২০০৪ সালে শেখ মোহাম্মদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৬৯ বছর বয়সী শেখ মোহাম্মদ আল মাখতুমের ষষ্ঠ ও সর্বকনিষ্ঠ স্ত্রী এই প্রিন্সেস হায়া। একাধিক স্ত্রীর ঘরে শেখ মোহাম্মদ আল মাখতুমের ২৩টি সন্তান রয়েছে। দুবাই থেকে পালিয়ে প্রিন্সেস হায়া প্রথমে যান জার্মানি। সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়ে যান লন্ডনে। হায়া এখন থাকছেন লন্ডনের কেনসিংটন প্যালেস গার্ডেনসের একটি বাড়িতে।  হায়ার এই ঘটনা নিছক স্বামীর ঘর ছেড়ে স্ত্রীর চলে যাওয়ার গল্প নয়। এর একটি আন্তর্জাতিক মাত্রা আছে। বেশ কিছুদিন কোনো খোঁজ-খবর পাওয়া না গেলেও হায়া এখন ব্রিটেনেই থাকতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু হায়ার স্বামী যদি নিজের স্ত্রীকে দুবাইতে ফেরত পাঠানোর দাবি করেন, তাহলে বিপাকে পড়বে ব্রিটেন। কারণ, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্রিটেনের ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে জর্ডানও। প্রিন্সেস হায়া সম্পর্কে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সত্ বোন। সংযুক্ত আরব আমিরাতে কাজ করে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রায় আড়াই লাখ জর্ডান নাগরিক। তাই দুবাইয়ের সঙ্গে কোনোভাবেই ঝামেলায় যেতে চাইবে না জর্ডান।