এএফপি
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রাশিয়া আগ্রাসন চালালে তার দেশ ইউক্রেনের পাশে থাকবে। টরেন্টোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সঙ্গে বৈঠকের পর তিনি এ অঙ্গীকার করেন।
ইউক্রেনের সংস্কার বিষয়ে আয়োজিত এক সম্মেলনে অংশ নিতে উত্তর আমেরিকার এ দেশ সফরে আসলে দুই নেতার মধ্যে বৈঠকটি হয়। কানাডায় জেলানস্কির এটি প্রথম সফর। আর এ সফরে বর্তমানে তিনি টরন্টোতে রয়েছেন। নব নির্বাচিত ইউক্রেনের এই প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের ক্ষেত্রে এবং ক্রিমিয়ার অবৈধ সম্প্রসারণসহ ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রচেষ্টায় কানাডার মতো দেশগুলোর জন্য তাদের অংশীদার দেশের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘রাশিয়ার এমন পদক্ষেপ কেবলমাত্র ইউক্রেনের জন্য নয়, এটি আন্তর্জাতিক আইনের জন্য বড় হুমকি।’