গৌরীপুরে রেললাইনে কোথাও কোথাও নাট বল্টু নেই

ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে গৌরীপুর রেলস্টেশন ও আশপাশের তিনটি রেললাইনের অবস্থা অত্যন্ত নাজুক। কোথাও রেললাইনে পাথর নেই। কোথাও রেললাইনের ফিশপ্লেটে নাট-বল্টু নেই। ট্রেন চলাচলের সময় রেললাইন নড়াচড়া করতে থাকে। হতে থাকে বিকট শব্দ। যাত্রীরাও থাকেন এক ধরনের আতঙ্কের মধ্যে।

গৌরীপুর স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন এলাকার চকপাড়া রেলগেট থেকে পশ্চিম ভালুকা পর্যন্ত এলাকায় তিনটি রেললাইনের অধিকাংশ জায়গা পাথরশূন্য। তিন রেললাইনের অর্ধশতাধিক ফিশপ্লেটে পর্যাপ্ত নাটবল্টু নেই। প্রতিটি ফিশপ্লেটে চারটি করে নাটবল্টু থাকার কথা। কিন্তু ঐ ফিশপ্লেটে তিনটি কিংবা দুটি নাটবল্টু পাওয়া যায়নি। রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী কার্যালয়ের সামনে ১ ও ২ নং লাইনের কয়েকটি স্থানে ফিশপ্লেটে চারটি নাটবল্টুর মধ্যে কোথাও তিনটি, দুটি পাওয়া গেছে। আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের সংযোগস্থলের হুক বের হয়ে গেছে।

অপরদিকে স্টেশনের প্লাটফরম সংলগ্ন ৩নং রেললাইনের অবস্থা অন্য দুই রেললাইনের চেয়ে তুলনামূলকভাবে ভালো ছিলো। তবে ঐ লাইনেও টিসিএম টেলিকম অফিসের সামনে ও রেলওয়ে কোয়ার্টার এলাকায় বেশ কয়েকটি জায়গায় রেললাইনের ফিশপ্লেটে চারটির বদলে তিনটি করে নাটবল্টু দেখা গেছে।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন, রেললাইনের ফিশপ্লেটে চারটি নাটবল্টু থাকে। তিনটি থাকলে ট্রেন চলাচল করতে বড় রকমের ঝুঁকি থাকে না। কিন্তু দুটি থাকলে ঝুঁকি থেকে যায়। কিন্তু এই সেক্টরটা আমার আওতাধীন নয়, এটা রেলওয়ের যন্ত্র প্রকৌশল বিভাগ দেখভাল করে।

গৌরীপুর রেলওয়ে ঊর্ধ্বতন প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম বলেন, রেলওয়ের এই ত্রুটিগুলো সংস্কার ও  রেললাইন মেরামত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।