চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত ঢাকার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৫৭ বলে ১০৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন হৃদয়। এই ইনিংস খেলার পথে ৭ ছক্কা হাঁকিয়েছেন এই টাইগার ব্যাটার। এমন অবিশ্বাস্য ইনিংস খেলার পর ছক্কা হাঁকানো কঠিন কিছু নয় বলে জানিয়েছেন হৃদয়।
সেঞ্চুরি করে দলকে ৪ উইকেটে জিতিয়ে সংবাদ সম্মেলনে আসেন হৃদয়। ছক্কা মারা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি ছয় মারা কঠিন কিছু না। প্রত্যেকটা খেলোয়াড় ছয় মারতে পারে, যারা ব্যাটার আছে। যদি আত্মবিশ্বাসটা থাকে আমার মনে হয় ছয় যে কোনো সময়, যে কোনো মাঠে ছয় হবে।’
হৃদয় আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে আমরা এরকম পরিস্থিতিতে কম অভ্যস্ত। আমরা যখন আস্তে আস্তে খেলতে থাকবো, আরও যখন ম্যাচে এরকম ছয় মারবো, প্রত্যেকটা ব্যাটার যখন মারবে, তখন আত্মবিশ্বাসটা আসবে যে আমি মারলে ছয় হবে।’