ঝালকাঠি বিআরটিএর দুই দালালকে দণ্ড

ঝালকাঠি প্রতিনিধি

বিদেশগামী গাড়ি চালকদের টাকার বিনিময়ে ভুয়া লাইসেন্স পেতে মধ্যস্থতা করার অভিযোগে ঝালকাঠিতে বিআরটিএ কার্যালয়ে দুই দালালকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে জেলা প্রশাসনের এনডিসি নেজারত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী এ দণ্ড দেন।

এছাড়া চট্টগ্রাম থেকে ভুয়া লাইসেন্স নিতে আসা ১১ গাড়ি চালককে জনপ্রতি এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দালাল আবদুল হককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ও হূদয় মৃধাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিআরটিএর সহকারী পরিচালক মো. আইয়ুব আনছারী বলেন, অফিসের কিছু কর্মচারীর সহায়তায় তাদের লাইসেন্স দেওয়ার চেষ্টা করা হয়। তবে এর দায় আমার ওপরও বর্তায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী বলেন, বিদেশগামী গাড়ি চালকদের টাকার বিনিময়ে ভুয়া লাইসেন্স পেতে সাহায্য করায় দুজনকে দণ্ড ও ১১ যুবককে জরিমানা করা হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ভুয়া লাইসেন্স পেতে সাহায্য করায় বিআরটিএর সহকারী পরিচালক মো. আইয়ুব আনছারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করব।