ইউআইইউ’তে সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি উদ্বোধন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‌‘সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি’র উদ্বোধন হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ইউআইইউ ক্যাম্পাসে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইব্রাহিম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুজিবুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. আফজাল আহমেদ।

অনুষ্ঠানে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বিশ্বকে মুক্তির জন্য আমাদের যেসব জায়গায় গবেষণার প্রয়োজন, সেখানে কাজ করাসহ বিশ্ববিদ্যালয়গুলোকে বেশি বেশি গবেষণায় মনোনিবেশ করতে হবে। ইউআইউর এই সেন্টারটি একাডেমিক ও প্রায়োগিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য ডেল্টা প্লানকে সামনে রেখে আমাদেরকে একসঙ্গে কাজ করেতে হবে।’ 

অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক, বিশিষ্ট অতিথিরাসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।