কিশোরগঞ্জে ছয় মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ীকে মাদক কেনা বেচার সময় আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া গ্রামের কাঁঠালতলা এবং গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দরিরাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম পশ্চিম দলিরাম গ্রামে  অভিযান চালিয়ে মাদক কেনা বেচার সময় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সামছুল মিয়া এবং গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম গ্রামের মিঠুনকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে নীলফামারী ডিবি পুলিশের অভিযানে বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া গ্রাম থেকে ফেনসিডিল বিক্রির সময় চারজনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলো বাহাগিলি ইউনিয়নের মোনাজাত হোসেন মুন্না, বাচ্চু মিয়া, জাহেদুল ইসলাম ও একই গ্রামের মোবারক মিয়া। নীলফামারী ডিবি পুলিশের ওসি আফজালুল হক বলেন, বিষয়টি নিশ্চিত করেছেন।