ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান

হেডিংলিতে বাছাই পর্বের পুনর্মিলনী

সেমিফাইনালের সমীকরণ থেকে আগেই ছিটকে পড়েছিল দুই দল। বিধ্বস্ত বিশ্বকাপ মিশনের শেষ প্রান্তে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। পয়েন্ট তালিকার লেজের দুই দল আজ মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে তাদের বিশ্বকাপ। হেডিংলিতে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের আনুষ্ঠানিকতার ম্যাচটি শুরু হবে সাড়ে ৩টায়।

ম্যাচটিকে বিশ্বকাপের বাছাই পর্বের পুনর্মিলনী বললেও ভুল হবে না। কারণ এ দুটি দলই বাছাই পর্ব থেকে মূল আসরে উঠে এসেছিল। আর বাছাই পর্বের স্মৃতির কারণেই আজকের ম্যাচে মানসিকভাবে স্বস্তিদায়ক অবস্থানে থাকবে আফগানরা। গত বছর জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাই পর্বে ক্যারিবিয়ানদের দুইবার হারিয়েছিল আফগানিস্তান। তবে চলমান বিশ্বকাপে দলটির অবস্থা খুবই করুণ। টানা আট ম্যাচ হেরেছে তারা। জয়শূন্য আফগানরা নিশ্চিতভাবেই শেষ ম্যাচে সেরাটা নিংড়ে দিতে চাইবে। শূন্য হাতের চেয়ে একটি জয় নিয়ে দেশে ফেরাটা হবে স্বস্তির। তাই আজ জয়ের জন্য মুখিয়ে থাকবে গুলবাদিন নাইবের দল।

অন্যদিকে আট ম্যাচে একটি জয় পেয়েছে উইন্ডিজরা। দুর্দান্ত সব ক্রিকেটার নিয়ে গড়া দলটা প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। তারপর আর জয়ের দেখা পায়নি। মাঠে দল হিসেবে লড়তে পারেনি। ছয়টি ম্যাচ হেরেছে ক্যারিবিয়ানরা। টুর্নামেন্টের শেষটা জয়ের আবিরে রাঙাতে চাইবেন গেইল-পুরানরা।

এবারের আসরে দুই দলই জয়ের খুব কাছে গিয়ে হারের যন্ত্রণায় পুড়েছে। শ্রীলঙ্কা, পাকিস্তানকে বাগে পেয়েও হারাতে পারেনি আফগানরা। একই রকম সুযোগ পেয়েছিল ক্যারিবিয়ানরা। নিউজিল্যান্ডের কাছে মাত্র ৫ রানে হেরেছিল উইন্ডিজরা।

অবশ্য ম্যাচ হারের হতাশা বিবেচনা করলে দুই দলই এখন বিধ্বস্ত। আজ শেষ ম্যাচে তাই যে দল মানসিকভাবে দৃঢ় অবস্থানে থাকবে, তাদের সুযোগই বেশি থাকবে।