আক্ষেপ নিয়ে রাইডুর অবসর

ভারতের বিশ্বকাপ পরিকল্পনাতেও ছিলেন তিনি। কিন্তু, শেষ মুহূর্তে স্কোয়াডে রাখা হয়নি তাকে। বোঝাই যাচ্ছিল, এবার না হলেও সামনে নিশ্চয়ই ভারতীয় দলে আবারো ফিরবেন আম্বাতি রাইডু। কিন্তু আর অপেক্ষা করলেন না। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন।

রাইডু ভারতের হয়ে ৫৫টি ওয়ানডে খেলেছেন। এর মধ্যে ৪৭.০৫ গড়ে করেছেন ১৬৯৪ রান। এর বাদে খেলেছেন ছয়টি টি-টোয়েন্টি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লম্বা ক্যারিয়ারে তিনি ছিলেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি এই আসরের সবচেয়ে সফল দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস দলের সদস্য।

এক বিবৃতিতে রাইডু বলেন, ‘আমি সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমি এই সময়ে এসে বিসিসিআই ও হায়দারাবাদ, বারোদা, আন্ধা ও বিদর্ভ রাজ্য ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাতে চাই। এছাড়া আইপিএলে মুম্বাই ও চেন্নাই দলের প্রতি আমি কৃতজ্ঞ। দেশের হয়ে খেলতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের ব্যাপার। আমি যাদের অধিনায়কত্বে খেলেছি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিশেষ করে বিরাট কোহলি - সবাই আমার ওপর কমবেশি ভরসা রেখেছেন। গেল ২৫টা বছর আমি ক্রিকেটের সাথে ছিলাম। বিভিন্ন পর্যায়ে খেলেছি। সব মিলিয়ে আমার সময়টা দারুণ কেটেছে।

ধারণা করা হচ্ছিল বিশ্বকাপে ভারতের হয়ে চার নম্বর পজিশনে খেলবেন রাইডু। কিন্তু, স্কোয়াডে তার পরিবর্তে রাখা হয় বিজয় শঙ্করাকে। বিশ্বকাপ সামনে রেখেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন রাইডু। কিন্তু, এত কিছুর পরও বিশ্বকাপ খেলার আশা পূরণ হয়নি।

সম্প্রতি বিশ্বকাপের মাঝপথে ইনজুরি নিয়ে দেশে ফিরেছেন সেই বিজয় শঙ্কর। তার পরিবর্তে ইংল্যান্ডে পাঠানো হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। এর আগেও শিখর ধাওয়ানের বিকল্প হয়ে গেছেন ঋষভ পান্ত। তিনি ম্যাচও খেলে ফেলেছেন। কখনোই আম্বাতি রাইডুকে ডেকে পাঠায়নি বিসিসিআই। কে জানে, এই ‘অবহেলা’ থেকেই হয়তো বিদায় নিয়ে ফেললেন আগে ভাগেই!