নারী বিশ্বকাপ ফুটবল

টানা তৃতীয় ফাইনালে যুক্তরাষ্ট্র

বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ইংল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে।

ফ্রান্সের লিওঁতে বুধবার প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে তিনবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের দশম মিনিটে ফরোয়ার্ড ক্রিস্টেন প্রেসের হেডে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। নয় মিনিট পর ছোট ডি-বক্সের বাইরে থেকে টোকা দিয়ে বল জালে পাঠিয়ে সমতা ফেরান ফরোয়ার্ড এলেন হোয়াইট। ৩১তম মিনিটে ফরোয়ার্ড অ্যালেক্স মর্গ্যানের হেডে আবারও এগিয়ে যায় টুর্নামেন্টের সফলতম দল যুক্তরাষ্ট্র। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেলে আবারও সমতায় ফেরার সম্ভাবনা জাগে প্রথমবারের মতো ফাইনালে ওঠার আশায় থাকা ইংল্যান্ডের। কিন্তু ডিফেন্ডার স্টেফ হটনের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক। খানিক পর ডিফেন্ডার মিলি ব্রাইট দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। গতকাল রাতে এই মাঠেই আরেক সেমি-ফাইনালে মুখোমুখি হবার কথা নেদারল্যান্ডস ও সুইডেনের। আগামী রবিবার একই মাঠে হবে ফাইনাল। বিডিনিউজ