আটক তিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামে বিবস্ত্র অবস্থায় মাদ্রাসাছাত্রী হিরা আকতারের (১২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলো, একই ইউনিয়নের ফুলহাতা গ্রামের ওসমান শিকদার, পশ্চিম বহরবুনিয়া গ্রামের শাহিন ও রফিকুল মৃধা।
হিরার চাচা খলিল শেখ জানান, বাড়ি ফাঁকা থাকার সুযোগে কে বা কারা প্রবেশ করেছিল এবং উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে যৌন হয়রানি ও নির্যাতন করে গলায় ফাঁস লাগিয়ে হিরাকে হত্যা করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম জানান, ইতিমধ্যে লাশের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সুরাতহাল ও ময়নাতদন্তে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।